
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও জনসভায় অংশ নিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের আয়োজনে গৌরনদী পৌর এলাকার দিয়াশুর বড় বাড়িতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন তিনি।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম. জহির উদ্দিন স্বপন স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও দেশবাসীর প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন।
বিকেল ৪টায় তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণ ও দুর্গা মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এরপর বিকেল ৫টায় গৈলা ইউনিয়নের পতিহার এলাকায় গণসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগ শেষে পূর্ব পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি বক্তব্য রাখেন। পরে তিনি বিশ্বগ্রাম এলাকায় গণসংযোগ করেন।
সন্ধ্যা ৬টায় বিল্বগ্রাম বাজারে আয়োজিত জনসভায় বাজার কমিটির সভাপতি মোনাসেব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. জহির উদ্দিন স্বপন। জনসভায় তিনি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় জঙ্গলপট্টি এলাকায় গণসংযোগ শেষে ফটিকের বাড়ি জামে মসজিদের সামনে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি। এরপর মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ এলাকায় গণসংযোগ করে শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি উঠান বৈঠকে অংশ নেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার সোমা, সহ-সভাপতি এম আলোম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. লিটন খান, এইচ এম খায়রুল ইসলাম, মো. হানিফ, মো. মোস্তফা, এ এস মামুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, যুবনেতা জসীম শরীফ, মাস্টার জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।