
সাভারের আশুলিয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলার একটি মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে আশুলিয়া থানায় নিয়ে আসা হলে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমায় এবং তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, প্রিয়া খান তার মা ও ভাইয়ের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে উঠতি রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করতেন। এ ধরনের একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে স্থান পরিবর্তন করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে মামলা দায়েরের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “প্রিয়া খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বিভিন্ন কারণে কেউ সরাসরি অভিযোগ করতে সাহস পাননি। নেত্রকোনার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা (আইও) গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় উপস্থিত হয়েছেন। এ সময় থানায় বিপুল জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়।
এদিকে, নেত্রকোনার আকপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে প্রিয়া খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী তমা আক্তার। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।