
আশুলিয়া (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে সূবর্না ইয়াসমিন (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার হাজী নজরুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় সূবর্না ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহত সূবর্না ইয়াসমিন নওগাঁ জেলার রাণীনগর থানার খাগড়া গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়ায় তার মা মোছা. বিউটির সঙ্গে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সূবর্নার মা ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করলে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা মোছা. বিউটি জানান, বিকেল ৫টার দিকে কারখানা থেকে বাসায় ফিরে তিনি জানতে পারেন, বাসায় চুরি হয়েছে। এ সময় একটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় মেয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তিনি বাইরে চলে যান। কিছু সময় পর ফিরে এসে দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।