
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের শওকত (৩৮) ও মুনছুর। তারা যথাক্রমে এ ঘটনায় করা হত্যা মামলায় ১ নম্বর ও ৮ নম্বর আসামি।বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ রাত দেড়টার দিসে মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।বাবুল হোসেনকে হত্যার ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। এর মধ্যে শওকত ১ নম্বর ও মুনছুর ৮ নম্বর আসামি।যোগ করেন ওসি।এর আগে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমিতে সরিষা মাড়াইয়ের কাজ করার সময় স্ত্রীর সামনেই বাবুল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মো. অনিক রহমান (২২), মোহাম্মদ শয়ন ইসলাম (২৩) ও মো. আয়নাল হোসেন (৪০) নামে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বাবুলকে হত্যা করা হতে পারে। বাবুল স্থানীয় বিএনপির রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আকসির নগর প্রকল্পের ভেতরে একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল ধামরাই থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।