
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দির বিশ্বরোড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এই দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার উত্তর চরচারুয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন (৩৭) এবং চট্টগ্রামের ডবলমুড়িং থানার মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।
মঙ্গলবার (১১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ডাকাত সদস্য মামুন দাউদকান্দির মোহন পাম্প এলাকায় অবস্থান করছে।পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়ির বারান্দায় একটি বিদেশি পিস্তল,তিন রাউন্ড গুলি, একটি দেশীয় পাইপগান ও দুটি কার্তুজ লুকানো রয়েছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর বাজার থেকে তার ভাগিনা মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। তার ভাড়া বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে। সে আন্তঃজেলা রোড ডাকাত দলের সক্রিয় সদস্য, আরিফ নৌযান ডাকাতির সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে তারা একাধিক ডাকাতি ও সহিংস অপরাধের সঙ্গে জড়িত ছিল।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।