চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানার সামনে একই রাতে দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে মালিকরা বাড়ির বাইরে থাকায় চোরেরা এই সুযোগে বাড়িগুলোর তালা ও গ্রীল কেটে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
চুরি হওয়া বাড়িগুলোর একটি দর্শনা থানার সামনে অবস্থিত। বাড়ির মালিক রফিকুল ইসলাম ও তার পরিবার ঈদের ছুটি কাটাতে এক সপ্তাহ চুয়াডাঙ্গায় ছিলেন।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়িতে ফিরে তারা দেখতে পান ঘরের জানালার গ্রীল কাটা এবং ভেতরের সমস্ত মালামাল তছনছ করা হয়েছে।
রফিকুল ইসলাম জানান, “চোরেরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি করে নগদ টাকা, আসবাবপত্র, ইলেকট্রনিকস পণ্যসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক।”
এদিকে, একই এলাকায় আরও একটি বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটেছে। সেই বাড়ি থেকেও চোরেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, ঈদের ছুটিতে বেশ কয়েকটি বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সংঘবদ্ধ একটি চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।