
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখা এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ জোরালো কণ্ঠে বলেন, "যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।" তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ইসলামী নীতির অপরিহার্যতা তুলে ধরেন এবং এই নীতি বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শেখ সাইফুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাঈন, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক অলি উল্লাহ, কয়রা উপজেলা আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, আমাদি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ অহিদুজ্জামান, বাগালি ইউনিয়ন সভাপতি মাওঃ নজরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুস সামাদ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি মোঃ রমজান আলী, উত্তর বেদকাশি ইউনিয়ন সভাপতি মাওঃ রবিউল ইসলাম এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন সভাপতি হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শ্রমিকদের ন্যায্য অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ আলোকপাত করেন। তাঁরা শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন ন্যায্য অধিকারের দাবিতে স্লোগান দেন, যা এলাকার পরিবেশকে মুখরিত করে তোলে। এই আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে কয়রা উপজেলার শ্রমিকরা তাদের অধিকারের প্রতি নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করে জানান দেয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।