রাউজান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনিরুল ইসলাম ভূঁইয়া যোগদানের পর বদলে গেছে পুরো থানার পরিবেশ। আইন-শৃঙ্খলার উন্নতি, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে তার কড়া ভূমিকা রীতিমতো আলোচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে থানার আওতাভুক্ত এলাকাগুলোতে অপরাধের হার কমেছে চোখে পড়ার মতো। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়েছে। এর ফলে এলাকায় তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ, আর ওসি মনিরুল হয়ে উঠেছেন অপরাধীদের আতঙ্কের নাম।
একজন স্থানীয় বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, "আগে সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় লাগত। এখন সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ওসি সাহেব আসার পর থানা যেন নতুন করে জেগে উঠেছে।"
এদিকে থানার অভ্যন্তরেও এসেছে শৃঙ্খলার ছোঁয়া। সাধারণ মানুষ থানায় এসে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা, বেড়েছে পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও যোগাযোগ।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, “রাউজানকে মাদকমুক্ত, অপরাধমুক্ত রাখতে আমরা নিরলসভাবে কাজ করছি। থানাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আইনের চোখে সবাই সমান।”
এছাড়া ওসি মনিরুল সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী ক্যাম্পেইন, উঠান বৈঠক ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ওসি মনিরুলের ভূমিকাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এমন জনবান্ধব প্রশাসন এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।