
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে তুরাগ নদীর আকস্মিক পানি বৃদ্ধি থেকে হাজারো বিঘা উপশী ফসল রক্ষা পেয়েছে স্থানীয় উদ্যোগে নির্মিত জরুরি বাঁধের মাধ্যমে।
মঙ্গলবার বিকেলে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান।
স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর ত্রিমোহনা এলাকায় গোয়ালীয়া নদীর উপর অস্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে বোয়ালী, রঘুনাথপুর, সিকদারচালা, নলুয়া, শ্রীপুর, গাছবাড়ী, বহেরাতলী, নাবিরবহর ও ফুলবাড়ীয়া এলাকাসহ গোয়ালীয়া নদীর দুই পাশের প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত উপশী ফসল সাময়িকভাবে রক্ষা পেয়েছে।
চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, স্থানীয় কৃষকদের মাধ্যমে পরিস্থিতির খবর পেয়ে তিনি দ্রুত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ইউনিয়নের কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে দুটি এক্সকাভেটরের ব্যবস্থা করা হয় এবং নদীর দুই পাশ থেকে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট থাকা সত্ত্বেও স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় রাতভর কাজ চালিয়ে অবশেষে বাঁধ নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়। এতে করে সম্ভাব্য বড় ধরনের ফসলহানির হাত থেকে কৃষকরা রক্ষা পান।
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।