
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক স্নিগ্ধ, আবেগঘন ও মর্যাদাপূর্ণ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আনন্দময়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতেই ব্যতিক্রমধর্মী এক আয়োজন হিসেবে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ উপস্থাপন করা হয়। পাশাপাশি আরবি ভাষায় একটি আকর্ষণীয় সংলাপ পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং উপস্থিত সকলের হৃদয়ে বিশেষ দাগ কাটে।
অনুষ্ঠানে আরবি ভাষায় হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আবু সুফিয়ান শাওন। তার তেলাওয়াতের বাংলা অনুবাদ উপস্থাপন করেন আখী নুর আক্তার এবং ইংরেজি অনুবাদ করেন আশামনি। অপরদিকে, আরবি ভাষায় মনোমুগ্ধকর সংলাপ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইভা আক্তার ও রুমি আক্তার।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে এসময় বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ জাকারিয়া, বিদ্যুৎসাহী মো. সেলিম খান, প্রবীণ শিক্ষক হজরত আলী, জালাল উদ্দীন, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় ওয়ার্ড সদস্য শামীম খান ও মো. রাশেদ মেম্বারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান অর্জনের পথ যেন তাদের জন্য সুগম হয় এবং তারা নৈতিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করে।
পরিশেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পুরো আয়োজনটি এক আবেগঘন ও স্মরণীয় পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।