প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:৪৮ পি.এম
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে সাংবাদিকের ওপর হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার সামনে এ কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক।
মানববন্ধন শেষে প্রতিবাদের অংশ হিসেবে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করা হয়। এসময় বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, এ ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে সকল গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।