প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৪৪ পি.এম
ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফভাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০) তিনি শরীফভাগ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই নারী শরিফবাগ বেইলি ব্রিজটি পার হচ্ছিলেন। ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে হঠাৎই তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেন, প্রায় প্রতিদিন এই ব্রিজে অটো রিক্সা ও সিএনজির চাকা আটকে যায়। ছোট দুর্ঘটনার পাশাপাশি মাঝারি দুর্ঘটনাও ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নাই, যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনাও ঘটতে পারে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকৃত নারীকে আমরা হাসপাতালে পৌছে দেই, বর্তমানে তিনি সুস্থ্য আছেন।
উল্লেখ্য, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝেমধ্যেই এখানে এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।