প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৫৪ পি.এম
আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ মামলার আসামি মারুফ ভূঁইয়াসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান। এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামগড়া ভূঁইয়াপাড়া এলাকার মোরশেদ ভূঁইয়ার ছেলে মারুফ ভূঁইয়া (২৭) এবং একই এলাকার মো. শফিক মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব হোসেন (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মারুফ ভূঁইয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক, মারামারি ও চাঁদাবাজিসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।