
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোছা. নাসিমা (৬২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার চান্দুরীয়া এলাকার মৃত নূর মোহাম্মদের মেয়ে এবং মো. ইয়াছিন আলীর স্ত্রী।
র্যাব-৪, সিপিসি-২ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পাশে চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি চলাকালে সোনার তরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন হিসেবে নাসিমাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত বোরখার নিচে পেটের সঙ্গে স্কচটেপ দিয়ে সুকৌশলে বাঁধা অবস্থায় ৪৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
তিনি জানান, গ্রেপ্তারকৃত নাসিমা একজন সক্রিয় পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদক নির্মূলে র্যাব-৪ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।