প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৪:২৯ পি.এম
মহান মে দিবসে আশুলিয়ায় ৭ দফা দাবিতে শ্রমিকদের মিছিল-সমাবেশ

আশুলিয়া (ঢাকা) : মহান মে দিবস উপলক্ষে ৭ দফা দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল মোড়ে মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতাকর্মী ও শ্রমিকরা।
শুক্রবার (১ মে) দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন। এসময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান।
এছাড়া বক্তব্য রাখেন মাছিহাতা শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিক মিয়া ও মেঘা ফ্যাশন ইউনিয়নের সভাপতি তানিয়া।
বক্তারা বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিন। ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যায্য মজুরি ও মানবিক জীবনের দাবির সূচনা হয়েছিল। দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় অর্জিত এসব অধিকার রক্ষায় আজও শ্রমিকদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
তারা আরও বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তারা এখনো জীবনধারণের উপযোগী মজুরি থেকে বঞ্চিত। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়েও শ্রমিকরা হয়রানি, নির্যাতন ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নানা আন্দোলন-সংগ্রামের পরও শ্রমিকদের ন্যায্য অধিকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাই এবারের মে দিবসে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. বিজিএমইএর ডাটাবেইজ বিলুপ্ত করা
২. শিল্প খাতে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বন্ধ করা
৩. শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ নিশ্চিত করা
৪. শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ
৫. সব খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা
৬. গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু
৭. চলাচলের পথে ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।