
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ঐতিহাসিক মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) বিকেলে কপোতাক্ষ মহাবিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন: "১৮৮৬ সালে শিকাগোর রাজপথে শ্রমিকরা বুকের রক্ত দিয়ে যে অধিকারের সূচনা করেছিল, ইসলাম তার চেয়েও সুসংহত ও মানবিক অধিকারের কথা চৌদ্দশ বছর আগেই ঘোষণা করেছে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়ে ইসলাম শ্রমের যে মর্যাদা দিয়েছে, তা পৃথিবীতে বিরল।"
তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষ নানামুখী সংকটে জর্জরিত। বিশেষ করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এসব জুলুম বন্ধ করে মানবিক সমাজ গড়তে হবে।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক ওয়ালিউল্লাহ (সহ-সভাপতি, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন) শেখ আবুল কালাম আজাদ, মাওলানা মিজানুর রহমান (উপজেলা জামায়াতের আমীর ও ফেডারেশনের প্রধান উপদেষ্টা) সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতিবৃন্দ। বক্তারা বলেন, কয়রা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে মাওলানা অহিদুজ্জামান (আমাদি), মাওলানা নজরুল ইসলাম (বাগালি), মোঃ আব্দুস সামাদ (মহারাজপুর), মাওলানা রবিউল ইসলাম (উত্তর বেদকাশি) ও হেলাল উদ্দিনসহ (দক্ষিণ বেদকাশি) স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে, মে দিবসের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজ ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার শপথের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।