
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও খন্দকার মনিরুজ্জামান মনির।
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সাথে কাজ করতে হবে।”
মো. গিয়াস উদ্দিন মিয়া তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও কয়েকজন সদস্যকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
খন্দকার মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক খোকন আহমেদ হীরা, সহ-সভাপতি এম আলোম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মো. আনিচুর রহমান, আবু সাঈদ, মো. পলাশ তালুকদার, শামীম মীর, মো. শাহীন, মো. সবুজ, মো. মোস্তফা, মো. শফিকুর রহমান সোহাগ, মো. নাঈমুল ইসলাম, তানবিরুল ইসলাম সোহেল এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয় প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান। সভায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।