
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-দুবাজাইল ২ কিলোমিটার সড়ক বেহাল অবস্থার কারণে দুই গ্রামের কয়েক হাজার মানুষ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক প্রায় ৩০ ফুট অংশ ভেঙে পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাঁটুর ওপর পানি মাড়িয়ে চলাচল করছে। অনেক শিক্ষার্থী পোশাক ভিজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। ফলে অভিভাবকদের মধ্যেও চরম উদ্বেগ বাড়ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল গোলায় তুলতে হিমশিম খাচ্ছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন চলাচল করতে না পারায় রোগীদের বিকল্প উপায়ে সড়ক পার করাতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়ার সময় পরিবারের সদস্যদের চরম আতঙ্ক ও কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। অনেক সময় সময়মতো চিকিৎসা না পাওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, অরুয়াইল ও দুবাজাইল এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু রাস্তার বড় একটি অংশ ভেঙে পানির নিচে চলে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিদিন শত শত পথচারী কাপড় ভিজিয়ে কষ্ট করে এ পথ অতিক্রম করছেন। বর্ষাকাল কিংবা ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তখন সড়কের ভাঙা অংশে পানির ¯্রােত বেড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পায়। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার ও টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সরাইল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আব্দুর রহিম মিঞা বলেন, অরুয়াইল-দুবাজাইল সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।