
নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা-২০২৬”। ১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদানের লক্ষ্যে বিভিন্ন তথ্য ও সেবা বুথ স্থাপন করা হয়েছে।
মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে— “ভূমি উন্নয়ন কর দিন, নিয়ম মেনে ভূমির মালিকানা রাখুন নিরাপদে।”
মেলায় নামজারি, জমাখারিজ, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও নাগরিকদের অনলাইনে ভূমিসেবা গ্রহণে উৎসাহিত করতে ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানা সরকারি স্বীকৃতি পায়। নামজারি না করলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হেবা, ভবনের প্ল্যান অনুমোদন এবং ব্যাংক ঋণ গ্রহণসহ নানা জটিলতার সৃষ্টি হতে পারে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের জন্য land.gov.bd পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। একইসাথে ভূমি বিষয়ক যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য ১৬১২২ নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, “জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”
তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীরাও +৮৮ ০৯৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগের মাধ্যমে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ‘ভূমি/Bhumi’ মোবাইল অ্যাপ ব্যবহার করেও ঘরে বসে অনেক সেবা পাওয়া যাচ্ছে।
মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছেন এবং তা ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।