
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক অভিযানে ৬০০ পুরিয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ মে বিকেল ৪টা ৫ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বাড়ি শেরপুর সদর থানার ধানশাইল এলাকায় হলেও বর্তমানে তিনি সাভারের বক্তারপুর এলাকায় বসবাস করতেন।
একইদিন রাত ৯টা ২০ মিনিটে সাভার মডেলের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদ (৪৫) ও তার স্ত্রী মৌসুমী (৩০) কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে রাত ১০টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটন (৫৫) ও আবুল বাশার (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬০০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রাত ১০টা ১০ মিনিটে ধামরাইয়ের পথহারা এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন (১৭) কে ১০০ পিস ইয়াবাসহ এবং রাত ১১টা ৫ মিনিটে শরীফবাগ এলাকা থেকে রমজান আলী (২২) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে একটি, লিটনের বিরুদ্ধে তিনটি এবং আবুল বাশারের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।