
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জল হোসেন ভূইয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেলে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ড এলাকার ১২ তলা সংলগ্ন বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার এসআই (নিঃ) সৈয়দ আজিজুল হকের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তি গোপনে ইয়াবা বিক্রি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন ভূইয়া (৪০)। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা।
পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির পেছনে সাদা পলিথিনে রাখা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ দশমিক ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ইউনিক ও আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।