
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। গত মঙ্গলবার (০৯ জুন, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত প্রো ভাইস-চ্যান্সেলর একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ নতুন প্রো ভাইস-চ্যান্সেলর-কে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশের শিক্ষা গবেষণায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে ২০১০ সালে পিএইচডি সম্পন্ন করেন।
ড. জিন্নাহ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছেন। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি ঐতিহাসিক অর্জন। তাঁর গবেষণার মূল আগ্রহ মানসম্পন্ন শিক্ষা (Quality Education / SDG-4) এবং শিক্ষক পেশাদারিত্ব উন্নয়ন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জাতীয় কারিকুলাম সমন্বয় কমিটির (NCCC) সদস্যও।
তিনি আইডিআরসি, কানাডা (IDRC, Canada) ও জিপিই কিক্স (GPE KIX) এর অর্থ সহযোগিতায় ০৫ বছর মেয়াদী বাংলাদেশ, ভূটান, নেপাল, ভিয়েতনাম ও তিমুর-লেস্তে ‘জেন্ডার ও ইনক্লুসিভ পেডাগোজি’ শীর্ষক গবেষণা কার্যক্রমে সমন্বয়কারী ও পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, JICA, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেছেন। শিক্ষাক্রম বিশেষজ্ঞ হিসেবে তিনি নিজ প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আউটকাম বেইজড এডুকেশন (OBE) শিক্ষাক্রম প্রণয়নে পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর লেখা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।