
মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক || সাভারের আশুলিয়ায় অপহরণের পর জীবন শেখ নামে ১২ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাব্বানী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। এর আগে ভোরে আশুলিয়ার কাঠগড়ার একটি জঙ্গল থেকে নিহত জীবন শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জীবন শেখ গোপালগঞ্জ জেলা সদরের বাওর গাতি এলাকার মো. মজিবুর শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার কাঠগড়া এলাকায় বসবাস করতো। গ্রেপ্তার রাব্বানী নওগাঁ জেলার মান্দা থানার ছুতিপুর গ্রামের মিলন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই জীবন শেখকে অপহরণ করে নিজ হেফাজতে রাখে রাব্বানী। পরে জীবনের বাবা মজিবুর রহমানের মোবাইলে কল করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় জীবনের বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় রোববার ভোরে রাব্বানীকে গ্রেপ্তার করে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির দেশের কন্ঠকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, কথা কাটাকাটির জেরে জীবনকে অপহরণ করে গলা কেটে হত্যা করেন রাব্বানী। পরে আশুলিয়ার গলাকাটা মোড়ে জীবনের মরদেহ ফেলে যান।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাব্বানীকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।