
সাভার (ঢাকা) : সাভারের পোড়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন পেশাদার জুয়ারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রোববার (১৪ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- খোকন (৫০), রাশেদ (৪০), মনির (৪৭), রবিন (২৫), সিনবাদ (২৬) এবং খোকন হোসেন (৪১)। তারা সবাই ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫২টি তাসের একটি বান্ডিল, পাঁচ বান্ডিল ইনটেক তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাটি এবং নগদ ১১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৯/২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।