
মোঃ শফিকুল ইসলাম,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী “এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ” সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে সনদ লাভ করেন সাংবাদিক মো. শফিকুল ইসলাম।
গত ১৩ জুন গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। অনুষ্ঠানে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই-বাছাই এবং ভুয়া তথ্য শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে এআইয়ের ব্যবহার, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও যাচাই, ডাটা বিশ্লেষণ, ফ্যাক্ট চেকিং কৌশল, সাংবাদিকতার নৈতিকতা এবং আধুনিক ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে পিআইবির কর্মকর্তাসহ জাতীয় পর্যায়ের অভিজ্ঞ সাংবাদিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
রোববার (১৫ জুন) অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম (জহির)। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতার মানোন্নয়নে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সনদপ্রাপ্ত সাংবাদিক মো. শফিকুল ইসলাম বলেন, “প্রশিক্ষণটি সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।”
প্রশিক্ষণে গৌরনদী উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।