
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর গ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামের মানুষ এখন নদী ভাঙনের ফলে দিশেহারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজবপুর গ্রামের হাজারো মানুষের চোখে-মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। মেঘনার ভয়াবহ ভাঙনে বসত-বাড়ি, স্কুল ও বাজার এখন চরম ঝুঁকিতে। ইতোমধ্যে বহু কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর ধরেই মেঘনার ভাঙনে বিপর্যস্ত এ গ্রামটি রক্ষায় এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যকরী উদ্যোগ। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু জিও ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হলেও টেক্সই বাঁধের অভাবে আজবপুর আবারও হুমকির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, মেঘনার ভাঙন এখন আমাদের বসতবাড়ি, বাজার ও স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের স্বপ্ন হারিয়ে যাবে।
স্থানীয় ব্যবসায়ী মোঃ জুনায়েদ মিয়া জানান, সরকারিভাবে দুই ধাপে জিও ব্যাগ দেওয়া হয়েছে, তবে পানি বাড়তে থাকায় আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। আমরা সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলী মনজুর রহমানকে সাথে নিয়ে ঘুরে দেখে আসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।