
মোঃ রুবেল, আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া থেকে পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়ক এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টি ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে এলাকার সড়ক ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলাবদ্ধতার কারণে অন্তত ২৫০টিরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক বাড়িতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
এদিকে, বাড়ইপাড়া থেকে নাগা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় পানি জমে থাকায় হাজারো গার্মেন্টস শ্রমিকের ভাড়া বাসা পানির নিচে তলিয়ে গেছে। এতে কর্মস্থলে যাতায়াত, রান্নাবান্না এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমিক পরিবারগুলোকে।
ভুক্তভোগীরা জানান, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল-নালা দখলের কারণে বছরের পর বছর এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।