
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :মোঃ শফিকুল ইসলাম।
নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মো. ইব্রাহিম। তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তাসলিমা পারভিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান, এ.এস. মামুন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ, সহকারী শিক্ষক মাওলানা মো. গিয়াস উদ্দিন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র ও ভবরঞ্জন হাজরাসহ অন্যান্যরা।
বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মানবপাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।