
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার আলোচিত ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
রবিবার রাত ৮টার দিকে এই অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। অভিযানে অংশ নেন গৌরনদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং গৌরনদী মডেল থানার পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ৪৯ পিস ইয়াবা, প্রায় ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ অর্থ, সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং মাদক কেনাবেচার হিসাবের খাতা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন সময় রেস্টুরেন্টের সঙ্গে জড়িত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক মাঝি এবং ম্যানেজার উত্তম কুমার বনিকে আটক করা হয়। তবে মূল মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত সাগর ও ‘মাদক সম্রাট’ খ্যাত হীরা মাঝি পালিয়ে যেতে সক্ষম হন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন হীরা মাঝির কাছে বিপুল পরিমাণ মাদক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, অভিযান শেষে জনস্বার্থে ফাতেমা হোটেল এন্ড রেস্টুরেন্টটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।