প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৩:৩০ পি.এম
গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সাভার (ঢাকা) : রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আনা হয়েছে। বর্তমানে মহিষটিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বিএলআরআই সূত্রে জানা গেছে, গত ২১ জুন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটি গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়।
মহিষটির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনা হওয়ায় মহিষটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এ সময়ে মহিষটি সম্পূর্ণ রোগমুক্ত কি না তা নিশ্চিত করা এবং সুস্থ রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। কোয়ারেন্টিন শেষ হলে গবেষণার বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, কোরবানির ঈদের আগে মহিষটি পাইকপাড়া এলাকার জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হচ্ছিল। এর ব্যতিক্রমধর্মী সাদা রঙ ও মাথার ঘন চুলের কারণে খামার মালিকের ভাই এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
পরে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এটি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করা হয়। তবে কোরবানির ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে।
এখন গবেষণার নতুন অধ্যায় শুরু করতে ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে সাভারের বিএলআরআইতে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।