
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় পঁচা-বাসি ও নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠয়ের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘ভাই ভাই বিরিয়ানি’ রেস্তোরাঁ থেকে খাবার খাওয়ার পর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থী মো. তাজের অভিভাবক তানিয়া আক্তার জানান, তিনি তার সন্তানের জন্য ওই রেস্তোরাঁ থেকে খাবার কিনে দেন। খাবার গ্রহণের কিছু সময়ের মধ্যেই তাজ বমি করতে শুরু করে।
তানিয়া আক্তারের দাবি, বিষয়টি জানাতে তিনি রেস্তোরাঁয় গেলে দোকান মালিক প্রথমে খাবার পঁচা বা বাসি হওয়ার অভিযোগ অস্বীকার করেন। পরে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে দোকান মালিক বিক্রি করা খাবারের মানগত ত্রুটির বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বিষয়টি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে অবহিত করা হলে তিনি অভিযোগটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে অভিযোগ রয়েছে, একই ব্যক্তি গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিচালনা করেন। ওই ক্যান্টিনের খাবার খেয়েও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে বমি করেছে বলে জানা গেছে। এছাড়া সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরে থাকা ক্যান্টিনের মালিকও একই ব্যক্তি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, “ক্যান্টিনের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছি। ক্যান্টিন পরিচালনাকারীকে বারবার সতর্ক করা হয়েছে। নিম্নমানের ও রং মেশানো সস ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। দ্রুত খাবারের মান উন্নয়ন না হলে ক্যান্টিন পরিচালনার অনুমতি বাতিল করা হবে।”
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “গার্লস স্কুলের ক্যান্টিনের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব থেকে অপসারণ করা হবে।”
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিন এবং আশপাশের খাবারের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।