প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ৭:৩৯ পি.এম
সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু

আশুলিয়া (ঢাকা) : সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, কোনো আসামির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।
বুধবার (২৪ জুন) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ-এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, “ছাত্র-জনতা হত্যা মামলার কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। দেখামাত্রই গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের অন্য জেলার কোনো হত্যা মামলার আসামি সাভার বা আশুলিয়ায় এসে আত্মগোপন করলেও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও বলেন, মহাসড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মো. নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।