আসন্ন গৌরনদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হিসেবে নিজেকে জনতার সেবক হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন আলাউদ্দিন ভূইয়া। তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে একটি লিখিত বক্তব্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
আলাউদ্দিন ভূইয়া বলেন, নেতৃত্ব ক্ষমতার বিষয় নয়, বরং এটি একটি দায়িত্ব ও আমানত। এই দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং মানুষের প্রতি ভালোবাসা অপরিহার্য। তিনি পৌরবাসীর কাছে সেবার সুযোগ চান এবং নির্বাচিত হলে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
তার ঘোষিত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—পৌরসভার সকল সেবা সহজ ও দ্রুত করা, ভাঙাচোরা রাস্তা মেরামত, কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন। এছাড়া একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, তিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় পৌরবাসীর পাশে থাকতে চান একজন আপনজন হিসেবে। সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।
আলাউদ্দিন ভূইয়া তার বক্তব্যে বলেন, “জনসেবা ও উন্নয়নের মাধ্যমে একটি স্বপ্নের গৌরনদী গড়াই আমার লক্ষ্য।” তিনি পৌরবাসীর মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন এবং সবার কল্যাণে দোয়া প্রার্থনা করেন।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন গৌরনদী পৌরসভা উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।