
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দর বন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদে এই অভিযান চালানো হয়। তবে, যৌথ অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা কাঁকড়া ও ট্রলার ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট - এই তিন মাস সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। চোরাকারবারিরা এই সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কাঁকড়া ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন বিভাগ সুন্দরবনের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর এবং অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।