
মোঃ শফিকুল ইসলাম,গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিস ২০২৫–২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে। ভূমি উন্নয়ন কর, ভিপি লিজ মানি, চান্দিনা ভিটি নবায়ন, মোবাইল কোর্টে আদায়কৃত অর্থদণ্ড এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার ফি মিলিয়ে প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিজিটাল ভূমি সেবার সম্প্রসারণ, নিয়মিত তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ২২৫ টাকা। এর মধ্যে সাধারণ শ্রেণিতে আদায়ের হার ১৫৫ শতাংশ এবং সংস্থার ক্ষেত্রে ১০৭ শতাংশ অর্জিত হয়েছে।
এ ছাড়া ভিপি লিজ মানি থেকে আদায় হয়েছে ১৯ লাখ ২৭ হাজার ২২ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০১ দশমিক ২২ শতাংশ। চান্দিনা ভিটি নবায়ন বাবদ আদায় হয়েছে ৫ লাখ ৯৬ হাজার টাকা, যা লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ। একই সময়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড হিসেবে আদায় হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।
ভূমি অফিসের কর্মকর্তারা জানান, অনলাইনে পরিশোধ করা নামজারি ফি, খতিয়ান সংশোধন ফি, খতিয়ানের সার্টিফায়েড কপির ফি এবং অন্যান্য সরকারি ফি যুক্ত করলে মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি টাকায় পৌঁছেছে।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “সরকারি রাজস্ব আদায়ের এই সাফল্য শুধু ভূমি অফিসের নয়, এটি গৌরনদীবাসীর সচেতনতা ও সহযোগিতার ফল। আমরা ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, অনলাইনভিত্তিক সেবার বিস্তারের ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর, নামজারিসহ বিভিন্ন সরকারি ফি পরিশোধ এবং ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভূমি প্রশাসনকে আধুনিক, সেবামুখী ও মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে উপজেলা ভূমি অফিস আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে তিনি সময়মতো ভূমি উন্নয়ন কর ও অন্যান্য সরকারি ফি পরিশোধ করে সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।