
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা শুধু সীমান্ত রক্ষা বা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই বাস্তবতায় ডিজিটাল নেতৃত্ব, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতাই ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি।
আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি নতুন প্ল্যাটফর্ম নয়; এটি সরকারের তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল রূপান্তরের বৃহত্তর উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে।
তিনি বলেন, বাহিনীর বিপুল জনবলকে কেবল প্রচলিত নিরাপত্তা কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল যোগাযোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে তাদের অবদান আরও কার্যকর হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক প্রতিষ্ঠানের জন্য শুধু ভৌত নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়; তথ্যভান্ডার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখাও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিরাপত্তার নতুন বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ডিজিটাল যুগে পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে পরিবর্তনকে গ্রহণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য এনালগ মানসিকতার পরিবর্তে ডিজিটাল চিন্তা ও নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-কে প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনের ধারাবাহিকতার মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক যোগাযোগ ও মহাসড়ক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, গুজব ও অপতথ্যের বিস্তার বর্তমানে বড় চ্যালেঞ্জ। সঠিক, যাচাইকৃত ও জনস্বার্থভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ দায়িত্বশীল গণযোগাযোগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ। এর আগে তথ্যমন্ত্রী ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর স্টুডিও ও প্রোডাকশন হাউস পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।