
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। দুর্গত পরিবারের দোরগোড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের তত্ত্বাবধানে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার উপকূলীয় রায়পুর, জুঁইদণ্ডী ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরাসরি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউএনও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ারার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে জুঁইদণ্ডী, রায়পুর, বারখাইন, বৈরাগ ও বারশত ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট ইউনিয়নগুলোতেও দ্রুত ত্রাণ বিতরণ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত এসব আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন বলেন, “বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে একটি হটলাইন চালু করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্গত মানুষের পাশে থেকে প্রশাসনের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।