
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম এ জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে তিনি বাটাজোর ইউনিয়নের অনুষ্ঠানস্থলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীের সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সার্বিক প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, "প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সফল সফর নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গৌরনদী-আগৈলঝাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এ অঞ্চলে আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফর সফল করতে স্থানীয়ভাবে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের পাশাপাশি জনসমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।