
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলায় নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে তিনি বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও সরকারি সেবা সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ করেন।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে বরিশালে প্রথম সরকারি সফরের অংশ হিসেবে সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেন তিনি।
গৌরনদীতে পৌঁছে প্রধানমন্ত্রী নতুন খননকৃত সরিকল-বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে একাধিক গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কার্ডধারীদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী প্রাপ্তি, সরকারি সহায়তা কার্যক্রমের মান, বিতরণব্যবস্থার স্বচ্ছতা এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে মতামত শোনেন। উপস্থিত উপকারভোগীরাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণ করা। সামাজিক সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ—উভয় ক্ষেত্রেই সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সভায় যোগ দিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের।
দিনব্যাপী সরকারি ও দলীয় কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।