
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৈতৃক জমির ধান কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মোহাম্মদ কামাল হোসেন শেখ কোটালীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের শেখের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
ভুক্তভোগী কামাল হোসেন শেখ জানান, বাবার পৈতৃক জমির ধান কাটতে গেলে আবুল খায়ের শেখ তাকে বাধা দেন। এ নিয়ে প্রতিবাদ করলে পরে আবুল খায়ের শেখ তার সহযোগীদের নিয়ে তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় উভয় পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। কামাল হোসেনের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা তার প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বিএনপি সরকার গঠনের পর দলীয় পরিচয় ব্যবহার করে আবুল খায়ের শেখ নিরীহ মানুষের বাড়িঘর ও কৃষিজমি দখল, মামলার ভয় দেখানোসহ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, মাদক ব্যবসায় সহযোগিতা, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা এবং একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত আবুল খায়ের শেখ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের শেখের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।