
মোঃ শফিকুল ইসলাম,গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ বাঁচিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল–বাটাজোর খালের তীরে নারিকেল, নিম, আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
স্থানীয়ভাবে বাটাজোর খাল নামে পরিচিত খালটি বাটাজোর বাজারসংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়ে সন্ধ্যা নদীতে গিয়ে পড়েছে। সম্প্রতি খালটি পুনঃখনন করা হয়েছে। এর দুই তীরে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি নিমগাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হবে না। আজ এখানে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব চারার সঠিক পরিচর্যার দায়িত্ব স্থানীয় জনগণকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “একটি শিশু জন্মের পর যেমন পরিবারের সবাই মিলে তাকে লালন-পালন করে, ঠিক তেমনি প্রতিটি চারাকেও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে তিনি বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সুবিধাভোগী পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং তাঁদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন।
গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। সেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে বিভাগীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।