
মোঃ আলামিন ভূঁইয়া, ক্রাইম রিপোর্টার : আশুলিয়ার ভাদাইল এলাকায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ভাদাইল হাজী হামিদ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আ. গফুর মিয়া বলেন, মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইসরাফিল হোসেন বলেন, একটি এলাকার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; শান্তি, নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।
আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের মাদক ব্যবসা, সন্ত্রাস ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী খন্দকার ফারুক হোসেন বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবাদ সভা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। শেষে উপস্থিত সবাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।