প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৪:৩৫ পি.এম
আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে মাদকবিরোধী সাধারণ সচেতন নাগরিক সমাজ-এর উদ্যোগে আয়োজিত এ র্যালি আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার মার্কেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিম মণ্ডল বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের কোনো স্থান নেই।”
সমাবেশে আরও বক্তব্য দেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল মীর। তিনি বলেন, “এলাকা থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমরা বদ্ধপরিকর। যুবসমাজকে মাদকের হাত থেকে ফিরিয়ে এনে আলোর পথে পরিচালিত করতে এ ধরনের সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।”
এ সময় বক্তব্য দেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম মিয়া এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাসান উল্লাহ ভূঁইয়া। বক্তারা নিজ নিজ অবস্থান থেকে মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, স্থানীয় সমাজসেবক এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকবিরোধী এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।