
ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমান ওরফে বাবু (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে গতকাল বুধবার (২২ জুলাই) রাতে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাবু ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি উত্তরের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।