
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গত ৯ ও ১০ আগস্ট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ৯ আগস্ট বিকেলে বাইপাইলের সম্ভার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সুরুজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন বিকেলে ডেন্ডাবর পুরাতন পাড়ার মাষ্টার প্লাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন ও মো. তুহিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা, ১৭ পুরিয়া কথিত হেরোইন এবং ৭৫ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া ডেন্ডাবরের মন্ডল কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. ফুয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
অন্যদিকে, ১০ আগস্ট রাত দেড়টার দিকে ইউনিক বাসস্ট্যান্ডের মুসলিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ফয়সাল ফিরোজ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, এসব ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত এলাকা গড়ে তোলা, সন্ত্রাস দমন ও অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।