
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ রায় ও ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিকসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সফল মৎস্যচাষিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণ ও অর্থনৈতিক চাকা সচল রাখতে মৎস্য খাতের অবদান অতুলনীয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও পরিকল্পিত উপায়ে মৎস্য চাষ করা গেলে গৌরনদী উপজেলার মৎস্য উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সেরা চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কৃত চাষীরা হলেন—প্রথম স্থান অধিকারী আনোয়ার হোসেন বাদল, দ্বিতীয় স্থান অধিকারী মো. মনিরুজ্জামান এবং তৃতীয় স্থান অধিকারী মনিরুজ্জামান মনির।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।