
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসনি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাইফুল শিশু তাসনিকে হত্যার কথা স্বীকার করেছেন এবং পরে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মো. হারুন অর রশিদের তৃতীয় তলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসনির মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. শহীদ মিয়া (৩৮) অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি ২০ আগস্ট আশুলিয়া থানার মামলা নং-১১৫ হিসেবে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. রাসেল আহমেদের ওপর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন মো. সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে সাইফুলের দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। এছাড়া তার বারান্দার নিচে স্কচটেপে মোড়ানো একটি রোল পাওয়া যায় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, এসব আলামত উদ্ধারের পর সাইফুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে একদিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রথমে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুনরায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু আব্দুর রহমান তাসনিকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, আদালতে হাজির করা হলে সাইফুল ম্যাজিস্ট্রেটের সামনে হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশের দাবি, এ ঘটনায় সাইফুল ছাড়া অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।