
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিচালিত একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৭ সেপ্টেম্বর (২০২৬) লৌহজং উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা কারপাশা হলদিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই এলাকায় ‘অপটিমাল ট্রাক অটোমেশন এন্ড ইঞ্জিনিয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না নিয়েই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এই মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক জনাব মোহাম্মদ সোহেল রানাসহ লৌহজং থানার একদল চৌকস পুলিশ ও আনসার সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।