
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
উপকূলীয় উপজেলা কয়রায় স্মার্টফোনের পর্দায় বুঁদ হয়ে থাকা অনলাইন জুয়াড়িদের আস্তানায় পুলিশের অভিযান। রোববার রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রটির আট সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা স্মার্টফোনগুলোতে মিলেছে বিভিন্ন আন্তর্জাতিক জুয়ার অ্যাপ ও নিষিদ্ধ ওয়েবসাইটের প্রমাণ। একই সাথে এলাকা থেকে ডিজিটাল জুয়া ও মাদকের নেটওয়ার্ক উপড়ে ফেলতে কঠোর হুঁশিয়ারি জারি করেছে থানা পুলিশ।
কয়রা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় মদিনাবাদ গ্রামের প্রতিবন্ধী স্কুলসংলগ্ন কালভার্ট এলাকায়। সেখানে কতিপয় যুবক ফোনে জুয়ার আড্ডায় মেতেছিল। পুলিশ সেখান থেকে মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান আকাশ সরদার (২২)-কে আটক করে।
এরপর একই রাতে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ নম্বর কয়রা গ্রামের পিচের মাথা ও জুনিয়র মোড় বাজার এলাকায়। সেখান থেকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) ও মো. রমজান হোসেন (২৯)-কে। একই সময়ে উপজেলার অন্যান্য এলাকা থেকে পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটক যুবকদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ একাধিক নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো, বেটিং অ্যাপ ও লেনদেনের ডিজিটাল মাধ্যম ব্যবহারের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পায়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ‘অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, "অনলাইন জুয়া ও মাদক—দুটিই আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক সরবরাহকারী, সেবনকারী কিংবা ডিজিটাল জুয়াড়ি, অপরাধের ধরন যাই হোক না কেন, কয়রার মাটিতে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে মাঠে নেমেছি। অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরিতেও আমরা কাজ করছি।"
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।