
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশ প্লাজার নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। নির্মাণকাজের পুনঃসূচনা উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগে পুলিশ প্লাজার নির্মাণকাজের পুনরারম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১), প্রশাসন এ কে এম আওলাদ হোসেন।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) আজিজুল ইসলাম এবং অ্যাডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) মুঈদ, বিপিএম-সেবা।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
মতবিনিময় সভায় অতিথিরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত পুলিশ প্লাজার নির্মাণকাজ পুনরায় শুরু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, প্রকল্পের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী ও কর্মকর্তাদের সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ প্লাজার নির্মাণকাজ সম্পন্ন হলে শ্রীনগরে একটি মানসম্মত শপিংমল গড়ে উঠবে, যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শ্রীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।